খুলনা অফিস
খুলনা জেলা জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোশারেফ হোসেন হাওলাদার (৬৬) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় নগরীর টুটপাড়া মহিরবাড়ী খালপাড় এলাকার নিজ বাসায় তিনি মারা যান।
মোশারেফ হোসেন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হার্ট ও কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুম্মা নগরীর মহিরবাড়ী বড় খালপাড় আল আমিন জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ, বিএনপি ও জেপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোশারেফ হোসেনের মরদেহ নগরীর টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে।
মোশারেফ হোসেন হাওলাদারের মৃত্যুতে গভীর শোক ও মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ও সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম। এছাড়া মরহুমের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন জেপির প্রেসিডিয়াম সদস্য শরীফ শফিকুল হামিদ চন্দন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এস রাশিদা করিম, খুলনা জেলা জেপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, জেলা জেপির সিনিয়র সহসভাপতি ড. এস এম জাকারিয়া, মোল্লা আব্দুল হালিম, মহানগর জেপির সভাপতি কাজী মাসুদ আহম্মেদ, সাধারণ সম্পাদক ডা. এন এম আলম, মহানগর জেপির সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।
পৃথক শোকবার্তায় জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন, সাবেক এমপি এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম সালাহ উদ্দিন গভীর সমবেদনা জানিয়েছেন।
