শেখ হাসিনার জনমুখী রাজনীতিতে ইস্যু সংকটে বিএনপি :কাদের

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনমুখী রাজনীতির কারণে আন্দোলনের ইস্যু সংকটে পড়েছে বিএনপি। গতকাল শুক্রবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত সাংবাদিক সম্মেলনে আরো বলেন, ‘আন্দোলনের ইস্যু সংকটে পড়ে একবার এই ইস্যু, আরেকবার ঐ ইস্যু খুঁজছে বিএনপি। ইস্যু নির্বাচন করতে তারা এক যুগ কাটিয়ে দিয়েছে।’

ওবায়দুল কাদের          বলেন, বিএনপির আন্দোলন সুদূরপরাহত, তাই তাদের আন্দোলন দূর আকাশের নীলিমা, যা দেখা যায়, কিন্তু ছোঁয়া যায় না। ‘শেখ হাসিনা সরকার দেউলিয়াত্বের শেষ পর্যায়ে’ মর্মে বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার সরকার নয়, বিএনপির রাজনীতিই এখন গভীর সমুদ্রে কম্পাসহীন নাবিকের মতো। বিএনপির মিথ্যাচারই তাদের রাজনীতিকে এখন গ্রাস করছে। বিএনপির একদফা আন্দোলনের জন্য কর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, একদফা আর এগারো দফা যাই বলুন, বিএনপির আন্দোলনের মরা গাঙে আর জোয়ার আসবে না। তাদের তথাকথিত একদফা আন্দোলনও জনবিচ্ছিন্নতায় মুখ থুবড়ে পড়বে।

আওয়ামী লীগ সভানেত্রীর প্রতি দেশের জনগণের আস্থা শতভাগ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রতিক পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের বিপুল বিজয় তারই নজির। যে কোনো জনঘনিষ্ঠ ইস্যুতে শেখ হাসিনা সরকার সবার আগে রেসপন্স করে এবং আওয়ামী লীগও দেশের মানুষের সঙ্গে আছে বলেই বিএনপি আন্দোলনের ইস্যু সংকটে পড়ছে।