রাজপরিবারে ফিরছেন না হ্যারি-মেগান, হারাচ্ছেন সম্মানসূচক সব উপাধি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১৩

ব্রিটিশ রাজপূত্র প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল আর ব্রিটিশ রাজপরিবারের সক্রিয় সদস্য হিসেবে ফিরছেন না। তারা ডিউক অ্যান্ড ডাচেস অব সাসেক্স নামে পরিচিত। বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে গতকাল শুক্রবার এ কথা জানানো হয়েছে। রানি দ্বিতীয় এলিজাবেথ নিশ্চিত করেছেন যে, এই দম্পতি রাজপরিবারের দায়িত্ব আর পালন করবেন না। তারা তাদের সম্মানসূচক সব উপাধিও হারাবেন। তবে তারা সব সময় রাজপরিবারের সবচেয়ে ভালোবাসার সদস্য হিসেবেই থাকবেন। অন্যদিকে হ্যারি দম্পতি জানিয়েছেন, তারা তাদের সংগঠনের হয়ে মানুষের জন্য কাজ করে যাবেন।

বিবিসির খবরে বলা হয়েছে গত বছরের জানুয়ারিতে             হ্যারি ও মেগান জানান, তারা রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তারা আর্থিকভাবে স্বাধীন হতে কাজ করবেন। গত বছরের মার্চেই তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। তবে তাদের সিদ্ধান্ত পর্যালোচনায় এক বছর সময় দেওয়া হয়। এই পর্যালোচনার বিষয়ে প্রিন্স হ্যারি সম্মত হয়েছিলেন।

রাজপরিবারের বিবৃতির পর বর্তমানে ক্যালিফোর্নিয়ায় বসবাসরত হ্যারি ও মেগানকে সম্মানসূচক সামরিক ও রাজপরিবারের উপাধি ছেড়ে দিতে হবে। তাদের এক মুখপাত্র জানিয়েছেন, এই দম্পতি তাদের সংস্থার মাধ্যমে ব্রিটেন ও বিশ্বের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কিছুদিন আগেই জানানো হয়, এই দম্পতি দ্বিতীয় সন্তানের আশা করছেন।