তিতাসের পাইপলাইন ফুটো হয়ে ঘোড়াশাল সার কারখানায় আগুন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১৭

ঘোড়াশাল ইউরিয়া সার কারখানায় নির্মাণাধীন অ্যামোনিয়া ফ্যাক্টরি ভবনের পাইলিংয়ের সময় তিতাস গ্যাসের পাইপলাইন ফুটো হয়ে গতকাল শুক্রবার এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পলাশের দুইটি এবং নরসিংদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে  পৌঁছে প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকাল ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে আগুনে পাইলিং কাজে ব্যবহূত প্রায় ৩ কোটি টাকার মালামাল পুড়ে যায় বলে জানান নির্মাণকাজের সুপারভাইজার বাবু মিয়া।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নুরুল ইসলাম জানান, সকাল থেকেই সার কারখানার অভ্যন্তরে প্রতিষ্ঠানটির নির্মিতব্য অ্যামুনিয়া ফ্যাক্টরি ভবনের পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা।                 বেলা ১২টার দিকে পাইলিং কাজ তিতাস গ্যাসের পাইপলাইনে পৌঁছলে পাইপ ফুটো হয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন পলাশের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও পৌর মেয়র শরীফুল হক।