বিএনপি ডুবন্ত অবস্থায় আছে —মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩২

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সরকার এবং আওয়ামী লীগের পায়ের তলার মাটি অত্যন্ত শক্ত। বরং বিএনপির পায়ের তলার মাটি নরম ও কর্দমাক্ত। এখন তারা ডুবন্ত অবস্থায় আছে। তিনি গাজীপুর মহানগরীর গাছা বঙ্গবন্ধু কলেজ মাঠে শুক্রবার বিকালে জাতীয় নেতা ভাওয়াল বীর শহিদ আহসান উল্লাহ মাষ্টার স্মৃতি গাজীপুর মহানগর ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ফুটবল বাংলার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। আমাদের সন্তানরা যাতে বেশি বেশি করে খেলাধুলা করতে পারে তার জন্য অনুপ্রাণিত করতে হবে।

গাজীপুর জেলা তরুণ সংঘর উদ্যোগে আয়োজিত এ খেলায় সভাপতিত্ব করেন তরুণ সংঘের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল। জাতীয় ফুটবল দল ও আবাহনী দলের সাবেক অধিনায়ক শেখ মো. আসলাম ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ কায়সার হামিদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ইলতুত্ মিস, বাফুফে সদস্য ও কাউন্সিলর মো. নুরুল ইসলাম নুরু প্রমুখ বক্তব্য রাখেন।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাসন থানা একাদশ ৪-৩ গোলে টঙ্গী থানা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ ট্রফি অর্জন করে।