কলকাতায় মাদকসহ গ্রেপ্তার বিজেপির মহিলা নেত্রী

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ০০:৪০

বিজেপির যুব মোর্চার পশ্চিমবঙ্গ সম্পাদক এবং হুগলি জেলা সম্পাদক পামেলা গোস্বামীকে ১০০ গ্রাম কোকেনসহ গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। শুক্রবার বিকেলে দক্ষিণ কলকাতার নিউ আলিপুর এলাকা থেকে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা প্রবীর দে-কেও। তারা দু’জনেই একটা গাড়ি করে যাচ্ছিলেন বলে কলকাতা পুলিশ জানিয়েছে। তবে এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছে বিজেপি।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই গাড়ি আটকায়। পামেলার গাড়ি এবং হ্যান্ড ব্যাগ থেকে ওই পরিমাণ কোকেন উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, ওই মাদকের মূল্য প্রায় কয়েক লাখ রুপি। এই মাদক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কোনও বড় চক্রে পামেলা জড়িত রয়েছেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, বছর খানেক আগে বিজেপিতে যোগ দেন পামেলা। অভিনয়ের পাশাপাশি মডেলিংও করেন তিনি। এয়ার হোস্টেসেরও কাজ করেছেন। মুকুল রায়সহ বিজেপির প্রথম সারির নেতাদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় তাকে।