খুলনায় বালুবাহী ট্রাকের চাপায় দুই বাইক আরোহী নিহত

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ০০:৫০

খুলনায় বালুবাহী ট্রাকের চাপায় দুই বাইক আরোহী নিহত হয়েছে। গতকাল শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নগরীর হরিণটানা থানার বাইপাস সড়কের নির্মাণাধীন জেলা কারাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, নগরীর রায়েরমহল পশ্চিমপাড়া বড় মসজিদ এলাকার শহিদের ছেলে সাইফুল (৩০) ও একই এলাকার শরিফুলের ছেলে মো. নাঈম (২৫)। নিহত সাইফুল একটি মোটরসাইকেলের গ্যারেজের কর্মচারী ও নাঈম দিনমজুর। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত ১০টার দিকে নগরীর রায়ের মহল এলাকা থেকে বাইকে করে নাঈম ও সাইফুল জিরো পয়েন্টের দিকে যাচ্ছিল। অপরদিকে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক নির্মাণাধীন জেলা কারাগারের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।

এ বিষয়ে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, নিহত দুজনের লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 

ইত্তেফাক/এনএ