বিবিসি ও সিএনএন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ও বিরোধী দলের নেতা আলেক্সেই নাভালনির আপিল নাকচ করে দিয়েছে একটি আদালত। এর ফলে কারাগারেই থাকতে হচ্ছে তাকে। এ মাসে নাভালনিকে আড়াই মাসের কারাদণ্ড দেওয়ার পর গত শনিবার রায়ের বিরুদ্ধে মস্কো সিটি আদালতে আপিল করেছিলেন তিনি।
আদালত অবশ্য নাভালনির কারাদণ্ডের মেয়াদ দেড় মাস কমিয়েছেন। ২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০১৫-এর ফেব্রুয়ারি পর্যন্ত নাভালনির গৃহবন্দি থাকার বিষয়টি আমলে নিয়ে আদালত কারাদণ্ডের মেয়াদ কমানোর সিদ্ধান্ত নেন। আপিলের শুনানির শুরুতে বিরোধী দলীয় নেতা আদালতের কাছে শুনানির কার্যক্রম ভিডিওর মাধ্যমে রেকর্ড করার আবেদন করেন। বিচারক সাংবাদিকদের শুনানি ভিডিও করার অনুমতি দেননি, তবে রায়ের একটি রেকর্ডিং থাকবে বলে জানান। এরপর নাভালনির আইনজীবী ওলগা মিখাইলোভা তার মক্কেলকে তাত্ক্ষণিকভাবে মুক্তি দিতে আদালতের কাছে আবেদন করেন। আদালত সেই আবেদন খারিজ করে দেন।
২০১৪ সালে নাভালনিকে সাড়ে তিন বছর নজরদারিতে রাখার নির্দেশ দিয়েছিলেন আদালত। নাভালনি জার্মানিতে থাকার সময়ে এই শর্ত ভঙ্গ করেছেন এমন অভিযোগে গত ২ ফেব্রুয়ারি তাকে কারাদণ্ড দেন আদালত। এর আগে এ বছরের জানুয়ারিতে জার্মানি থেকে রাশিয়া ফেরার পরপরই নাভালনিকে আটক করা হয়। গত বছর নভিচক নামক স্নায়ু বিকল করার বিষাক্ত রাসায়নিক তার ওপর প্রয়োগ করা হলে চিকিত্সা নিতে পাঁচ মাস জার্মানিতে ছিলেন তিনি। এই বিষ প্রয়োগে রুশ সরকার জড়িত রয়েছে এমন অভিযোগ এলেও তা বরাবর অস্বীকার করেছে ক্রেমলিন।
