গ্যাবনে করোনা বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভে নিহত ২

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২১:১০

রয়টার্স

কোভিড-১৯-এর বিস্তারে লাগাম টানতে দেওয়া বিধিনিষেধের বিরুদ্ধে মধ্য আফ্রিকার দেশ গ্যাবনের দুইটি বড় শহরে বিক্ষোভে দুই জন নিহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেওয়া বিধিনিষেধে ক্ষুব্ধ দেশটির নাগরিকরা এরই মধ্যে অনেক এলাকাতেই সড়কে নেমে বিক্ষোভ দেখিয়েছে। বৃহস্পতিবার গ্যাবনের রাজধানী লিব্রেভিল ও পোর্ট জেন্টিতে থালাবাসন বাজানো, ব্যারিকেড দেওয়া, টায়ার ও আবর্জনা পোড়ানো বিক্ষোভকারীদের সরাতে নিরাপত্তা বাহিনীকে কাঁদুনে গ্যাস ও স্টান গ্রেনেড ছুড়তে হয়েছে। শুক্রবারের বিবৃতিতে গ্যাবনের প্রধানমন্ত্রী রোজ ক্রিস্টিন ওসৌকা রাপোন্ডা বলেন, ‘সুরক্ষা ব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভের সময় গতকাল সন্ধ্যায় আমাদের দুই নাগরিকের মৃত্যু হয়েছে।’

আফ্রিকার এ দেশটিতে করোনা ভাইরাস সংক্রমণের লাগাম টেনে ধরতে কর্তৃপক্ষ গত সপ্তাহ থেকে রাজধানীতে ঢোকা ও বের হওয়ায় বিধিনিষেধ দিয়েছে, কারফিউর সময়সীমা বাড়িয়েছে। তবে এক শিক্ষার্থী সারাহ লেওউবি বলেছেন, ‘সন্ধ্যা ৬টা থেকে বিধিনিষেধ দেওয়ার সিদ্ধান্তটি বেশ কড়া এবং অবিবেচনাপ্রসূত।’ তিনি জানান, গ্যাবনের বেশির ভাগ শ্রমিক ও শিক্ষার্থীর গাড়ি নেই, যে কারণে তাদের পক্ষে কারফিউ শুরুর আগে বাড়ি ফেরা বেশ কষ্টকর হয়ে দাঁড়ায়। তিনি আরো বলেন, ‘কাজ শেষ হয় ৪টার দিকে, ট্রাফিক জ্যাম ও অন্যান্য ঝক্কিতে বেশির ভাগেরই বাড়ি ফিরতে ৮টা বেজে যায়। সরকারের উচিত এ ব্যাপারটা বিবেচনায় নেওয়া।’

গ্যাবনে এখন পর্যন্ত সরকারি হিসাবে ১৩ হাজার ১০৭ জনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে; তাদের মধ্যে ৭৫ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে মধ্য আফ্রিকার এ দেশটিতে এখন প্রতিদিন গড়ে নতুন ১৩৩ জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হচ্ছে।