আরিফুল ইসলাম তপু, বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
বাগাতিপাড়া উপজেলার গালিমপুর বড়াল নদের ওপর নির্মিত সড়ক ও জনপথ বিভাগের বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্রিজটিতে ভারি যানবাহন চলাচল করায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা। প্রায় তিন মাস আগে ব্রিজটিতে তিনটি লোহার পাটাতন ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সংস্কার করা হয়েছিল। কিন্তু এখন আবার সেই আগের অবস্থা হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গালিমপুর বড়াল নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি ১৯৯৫ সালের ১২ ফেব্রুয়ারি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এদিকে বিভিন্ন সময় টানিয়ে দেওয়া সতর্কতামূলক সাইনবোর্ডগুলো যেমন চোখে পড়ে না, তেমনি নিয়ম মানছে না যানবাহনের চালকরা। বর্তমানে ব্রিজের অনেক পাটাতন মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। অধিকাংশ বাঁকা হয়ে আছে। অনেক পাটাতন নড়বড়ে হয়ে পড়েছে। গাড়ি উঠলেই বিকট ক্যাঁচ ক্যাঁচ শব্দ হয়। তার ওপর অধিক মালামাল বহনকারী ট্রাক, বালুভর্তি ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহন প্রতিদিন চলাচল করছে। এদিকে আবার দুই-একটি পাটাতনের মধ্যে গর্ত হয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ব্রিজটি। এছাড়া দ্রুত পাটাতনগুলোর সংস্কার কাজ না করলে আগের মতো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্ষতিগ্রস্ত ব্রিজটি সংস্কার করে নিরাপদে যানবাহন চলাচল করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী (সওজ) কর্মকর্তা আব্দুর রহিম জানান, ‘দ্রুত পাটাতনগুলো সংস্কার করা হবে।’
