সৈয়দপুরে বিক্রি হচ্ছে রঙিন মুরগির বাচ্চা!

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৯

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে একটি চক্র শহর ও গ্রামগঞ্জের হাটবাজারে দেদারছে বিক্রি করছে কৃত্রিম রং করা মুরগির বাচ্চা। সরজমিনে শহরের রেলওয়ে কারখানা, গেটবাজার, ঢেলাপীড় হাট, সাহেবপাড়া রেলওয়ে হাসপাতাল মোড় এলাকায় গিয়ে দেখা যায় অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এসব মুরগির বাচ্চা। বিক্রেতা আজিজার রহমান জানান, এসব বাচ্চা বিক্রি করতে বেগ পেতে হয় না। গড়ে প্রতিদিন ৩০০-৩৫০টি বাচ্চা বিক্রি করা যায়। ক্রেতা আরিফুল ইসলাম জানান, তিনি ৮০ টাকা দরে তিনটি বাচ্চা কিনেছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক জানান, রং করে মুরগির বাচ্চা বিক্রি করা প্রতারণার শামিল।