আর্জেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েইনকে ধারে দলে টানলো ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট চেলসি। জুভেন্টাসের সঙ্গে ইতোমধ্যেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী ৩৬ মিলিয়ন ইউরোতে কেনা ও ১৮ মিলিয়ন ইউরোতে লোনের মেয়াদ ২০২০ পর্যন্ত বাড়ানোর অপশন রেখেছে চেলসি।
চেলসি কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছেন। এর আগে দলটির বর্তমান কোচ মরিজিও সারির অধীনে নেপোলিতে খেলেছেন হিগুয়েইন। সেই ২০১৫/১৬ মৌসুমে সিরি এ লিগের হয়ে রেকর্ড সংখ্যক ৩৬টি গোল করেছিলেন এই আর্জেন্টাইন তারকা।
বর্তমানে এমনই এক গোলদাতার ঘাটতিতে রয়েছে প্রিমিয়ার লিগ জায়ান্ট চেলসির। আলবারো মোরাতা ও অলিভার জিরুদের উপর আস্থার ঘাটতি দেখা দিয়েছে সারির। যে কারণে সেন্টার ফরোয়ার্ডে এডেন হ্যাজার্ড প্রকৃত দক্ষতা প্রদর্শনে ব্যর্থ হচ্ছেন মনে করছেন চেলসি কোচ।
আগামীকাল বৃহস্পতিবার লিগ কাপের সেমি-ফাইনালের ফিরতি লেগে টটেনহ্যাম হটস্পার্সের মোকাবেলা করবে চেলসি। স্টামফোর্ড ব্রিজের ওই ম্যাচে ১-০ গোলে জয় পেলেই ফাইনালের টিকিট পেয়ে যাবে চেলসি। আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে লীগ কাপের ফাইনাল।
সারি বলেন, ‘আশা করছি দলকে গোল পেতে সহায়তা করবে হিগুয়েইন। গোল দিয়েই সে আমাদের দলে সূচনা করবে। জানুয়ারিতে বিশ্বের সেরা ও গুরুত্বপূর্ণ স্ট্রাইকার জোগাড় করা বেশ কঠিন। সুতরাং ক্লাব বেশ ভালভাবেই কাজ করছে। কারণ নতুন একজন স্ট্রাইকার খুঁজে বের করা সহজ নয়।’
ইত্তেফাক/এএম
