খুলনা অফিস
খুলনায় বালুবাহী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে নগরীর হরিণটানা থানার বাইপাস সড়কের নির্মাণাধীন জেলা কারাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— নগরীর রায়েরমহল পশ্চিমপাড়া বড় মসজিদ এলাকার শহিদের ছেলে সাইফুল ও একই এলাকার শরিফুলের ছেলে মো. নাঈম। নিহত সাইফুল একটি মোটরসাইকেলের গ্যারেজের কর্মচারী ও নাঈম দিনমজুর। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত ১০টার দিকে নগরীর রায়ের মহল এলাকা থেকে মোটরসাইকেলে করে নাঈম ও সাইফুল জিরো পয়েন্টের দিকে যাচ্ছিল। নির্মাণাধীন জেলা কারাগারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়। হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, নিহত দুজনের লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে যাত্রীবাহী বাস ও ইটবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক মো. আবু সালেহ মারা গেছেন। শনিবার দুপুরে খুলনা-যশোর সীমান্তের যুগ্নীপাশা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক আবু সালেহ যশোর সদর উপজেলার চাউলিয়া এলাকার আবুল হোসেন মিস্ত্রির ছেলে। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, দুপুর দেড়টার দিকে খুলনা থেকে ছেড়ে যাওয়া যশোরগামী যাত্রীবাহী বাসের সঙ্গে যশোরের নওয়াপাড়া থেকে ফুলতলাগামী ইটভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকের মৃত্যু হয়। ঘাতক বাসটি নওয়াপাড়া হাইওয়ে থানাপুলিশ জব্দ করেছে।
