আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
আশুগঞ্জে আবাসিক ভবনের ছাদ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলা শহরের হাজীপাড়ার ভাড়া বাসার ছাদ থেকে এই যুবকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দুই বন্ধুকে আটক করেছে। আটককৃতরা হলো—আলভি ও একান্ত শিকদার। নিহত ইয়াছির নবীনগর উপজেলার ঝিনোদপুর গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। বাবা আব্দুর রহমান আশুগঞ্জ উপজেলা খাদ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অফিস সহকারী। তার পরিবার ১৫ বছর ধরে আশুগঞ্জে বসবাস করছে। আশুগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাহমুদ বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে কিছু আলামত জব্দ ও জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দুই বন্ধুকে (আলভি ও একান্ত) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে।
