পীরগঞ্জে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪২

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা

পীরগঞ্জে নির্মাণাধীন বাড়ির ল্যাট্রিন তৈরির সময় গর্ত খুঁড়তে গিয়ে মাটিচাপা পড়ে কান্ত রায় নামের নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিন শ্রমিক। শনিবার দুপুর দেড়টার দিকে পৌর শহরের জগথা (শান্তিবাগ) মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার খনগাঁও ইউনিয়নের জনগাঁও তরলা গ্রামের ডিবতি রায়ের ছেলে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শান্তিবাগ এলাকার নির্মাণাধীন বাড়ির ল্যাট্রিন তৈরির সময় গর্ত খুঁড়ছিল চার জন শ্রমিক। এ সময় গর্তের চারপাশের মাটি ধসে পড়ে তারা চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাত্ক্ষণিক এসে তাদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় চিকিত্সক কান্ত রায়কে মৃত ঘোষণা করেন। পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।