ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৩

সেনবাগে গাছ কাটার অভিযোগ

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

সেনবাগ উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের একটি গাছ কেটে ফেলার অভিযোগে চেয়ারম্যান হাজি রুহুল আমিন ভূঁইয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে মোহাম্মদপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে উপসহকারী মেডিক্যাল অফিসার ডাক্তার আবুল হোসেন বাদী হয়ে সেনবাগ থানায় মামলাটি দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা হাজি রুহুল আমিন ভূঁইয়া গত বৃহস্পতিবার দুপুরে দুই জন শ্রমিক দিয়ে প্রায় ২০ হাজার টাকা মূল্যের গাছটি কেটে ফেলেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান হাজি রুহুল আমিন ভূঁইয়া জানান, পরিষদের দরজা-জানালা মেরামত করার জন্য তিনি হাসপাতালের ডাক্তারের সঙ্গে পরামর্শ করে গাছটি কেটেছেন।