চাঁপাইনবাবগঞ্জে ডিজিটাল ম্যারাথন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিজুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে শনিবার ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। এই ম্যারাথনে আট সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা শহরের ডা. আ. আ. ম. মেসবাহুল হক স্টেডিয়ামে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি প্রমুখ।
বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা মঠবাড়িয়ায় শনিবার একটি বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ও হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. রুস্তুম আলী ফরাজী উপজেলা শহরে উদয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে চারতলা বিশিষ্ট এ নতুন ভবনের উদ্বোধন করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর প্রমুখ।
পাইকগাছায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছার কপিলমুনিতে শনিবার ফ্রি মেডিক্যাল ক্যাম্পে দিনব্যাপী রোগীদের ফ্রি চিকিত্সা দেওয়া হয়। কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের বিভিন্ন একাডেমি কক্ষে ১৪ জন চিকিত্সক দিনব্যাপী শত শত রোগীকে ফ্রি চিকিত্সাসেবা প্রদান করেন। ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ।
ন্যাশনাল সার্ভিস কর্মসূচি উদ্বোধন
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা উচ্চমাধ্যমিক ও তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নাসিরনগরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি অষ্টম পর্বের উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে এ কর্মসূচি উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী।
বাইসাইকেল পেল ১০০ ছাত্রী
শেরপুর প্রতিনিধি শেরপুরের শ্রীবরদীতে শুক্রবার বিকালে হালিমা আহ্সান টেকনিক্যাল ইনস্টিটিউটের দরিদ্র ও অসহায় ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের উদ্যোগে ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সহযোগিতায় এবং আবুল খায়ের গ্রুপের অর্থায়নে ঐ ইনস্টিটিউট মাঠে ১০০ ছাত্রীকে এ বাইসাইকেল দেওয়া হয়। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নেত্রকোনা প্রতিনিধি একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নেত্রকোনায় শনিবার রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা জেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব হলরুমে এর আয়োজন করা হয়। প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হান্নান রঞ্জনের সভাপতিত্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।
সামাজিক বনায়নের উপকারভোগীরা পেলেন লভ্যাংশ
কক্সবাজার প্রতিনিধি কক্সবাজার উত্তর বন বিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জের জোয়ারিয়ানালা বিটে ২০০৫-০৬ সালে সৃজিত সামাজিক বনায়নের লভ্যাংশের চেক বৃহস্পতিবার বিকালে বিতরণ করা হয়েছে। ঐ বছর ৫৪ হেক্টর বনায়নের বিপরীতে ৫৪ জন উপকারভোগী নির্বাচন করা হয়েছিল। এসব বনে উত্পাদিত গাছ বিক্রির পর ১০ শতাংশ টাকা পরবর্তী বনায়নের জন্য গচ্ছিত রেখে বাকি ৯০ শতাংশের অর্ধেক ঐ উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এ টি এম জাফর আলম সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আমিন আল পারভেজ।
