রাজধানীতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৯

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর কামরাঙ্গীরচর খলিফাঘাট এলাকার একটি বাসায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার নাম তাসনিমা আক্তার (২২)। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তাসনিমা আক্তারের বাড়ি নরসিংদীর মাধবদীতে। একমাস আগেই মাহফুজ হাসান মিজান নামের এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা খলিফাঘাট চান মসজিদ রোডের নিজেদের বাড়ির ২য় তলাতে থাকতেন। বাসার নিচেই মিজানের একটি কাপড়ের দোকান রয়েছে।

তাসনিমার স্বামী মিজান জানান, সকালে তাসনিমা গ্রামে বাবার বাড়িতে যেতে চান। কয়েক দিন পরে তাকে বাবার বাড়িতে নিয়ে যাওয়া হবে বললে তিনি তা মানতে নারাজ হন। পরে স্বামী মিজান গোসলখানায় ঢুকেন। সেখান থেকে বের হয়ে তাসনিমাকে রুমে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে ৪র্থ তলায় গিয়ে একটি ফাঁকা বাসার দরজা ভিতর থেকে আটকানো দেখতে পান। তখন তিনি পরিবারের লোকজনকে ডাকলে সবাই মিলে বাসার দরজা ভেঙে ঐ বাসায় ঢুকে দেখেন তাসনিমা ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে রয়েছে।