ভাষা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে :স্পিকার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫০

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস বাঙালির আত্মপরিচয়ের মাইলফলক এবং জাতির চেতনার উন্মেষে অণির্বান দ্বীপশিখা। তাই ভাষা আন্দোলনের ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে সঠিকভাবে জানাতে হবে এবং তাদের উত্সাহিত করতে হবে আরো জানার জন্য। তিনি গতকাল সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত শহিদ মিনারের উদ্বোধনকালে এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, ‘পৃথিবীর মধ্যে বাংলাভাষাই একমাত্র ভাষা, যেটি আমরা রক্ত দিয়ে অর্জন করেছি। ভাষা আন্দোলনই প্রথমে স্বাধিকার এবং পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনে রূপান্তরিত হয়েছিল।’ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স অ্যাসোসিয়েশনের সভাপতি আসিফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানও বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম। এছাড়াও বক্তব্য রাখেন সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ফোরামের সভাপতি একেএম জি কিবরিয়া মজুমদার এবং পরিচালক (গণসংযোগ) তারিক মাহমুদ।