এক জন নিহত, নারী ও শিশুসহ আহত ১৯
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে আধিপত্য বিস্তার ও একটি কোম্পানির বালু ভরাটকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নারীসহ অন্তত ১৯ জনকে পিটিয়ে জখম করা হয়েছে। নিহত ব্যক্তির নাম সমর আলী। আটক হয়েছেন দুই জন। গতকাল সকালে সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষরা তাকে কুপিয়ে আহত করে। সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। ঘটনাস্থলে সোনারগাঁও থানা, নারায়ণগঞ্জ রিজার্ভ পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার রাতে ও গতকাল দফায় দফায় সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষ তাদের প্রতিপক্ষের বাড়িঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে উভয় পক্ষের দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করেছে। এ ঘটনায় গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নয়াগাঁও গ্রামের হাজি আলাউদ্দিনের সঙ্গে একই এলাকার ব্যবসায়ী সাদেকুর রহমান ওরফে সাদেক মোল্লার আধিপত্য বিস্তার ও একটি কোম্পানির বালু ভরাটকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছে। এ ঘটনায় শুক্রবার রাত ৮টার দিকে আলাউদ্দিনের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সাদেক মোল্লার দোকানে হামলা চালায়। এ সময় তারা সাদেক মোল্লাসহ ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে । ঘটনার সময় তারা সাদেকের স্বজনদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায়।
এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সাদেকের লোকজনও একইভাবে আলাউদ্দিন পক্ষের বাড়িঘরে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আলাউদ্দিন পক্ষের সমর আলীসহ আট জন এবং সাদেক পক্ষের ১২ জন আহত হয়। এদের মধ্যে সমর আলী সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান। তবে উভয় পক্ষই আহত হওয়ার সংখ্যা আরো বেশি বলে দাবি করে। সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম বলেন, দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এক জন নিহত হয়েছেন। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়েছে।
