ডিএনসিসিতে বিশেষ অভিযান শুরু
ইত্তেফাক রিপোর্ট
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার মশা নিয়ন্ত্রণে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করা হয়েছে। গতকাল গুলশানস্থ শহিদ ফজলে রাব্বী পার্কে সপ্তাহব্যাপী বিশেষ এ অভিযান উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা। অভিযান আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অভিযান চলাকালে সর্বত্র কীটনাশক প্রয়োগ করা হবে। এ ছাড়া মশার প্রজননস্থল ধ্বংস করতে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সেলিম রেজা বলেন, ৫৪টি ওয়ার্ডে একযোগে এই অভিযান পরিচালিত হবে। ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের কাউন্সিলরগণ এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। জানা গেছে, গতকাল মোট ৬ হাজার ৬৯৫টি নালা-নর্দমা জলাশয়, নির্মাণাধীন ভবন ও অন্যান্য স্থাপনা পরিদর্শন করে ৩০টিতে লার্ভা পাওয়া যায়। মোট ৪ হাজার ৫৩৯টিতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে কীটনাশক প্রয়োগ করা হয়। এ ছাড়া লার্ভা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ১৯টি মামলায় ২ লাখ ৩৫ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়েদুর রহমান, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর আমেনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
