ইত্তেফাক রিপোর্ট
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ মহান একুশের চেতনার কেন্দ্রীয় উপাদান। দুর্নীতি একুশের চেতনার পরিপন্থি। একুশ সমস্ত অন্যায়, অবিচার, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা জোগায়। একুশের চেতনা ধারণ করে দুর্নীতিমুক্ত সুশাসিত স্বদেশ গড়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
গতকাল এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, একুশের পথ বেয়েই বাঙালি বারবার অন্যায়, অবিচার আর শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, ছিনিয়ে এনেছে স্বাধীনতার সূর্যকে। একুশ হোক দুর্নীতি প্রতিরোধে অনন্য প্রেরণার উত্স। কারণ দুর্নীতি একুশের চেতনার পরিপন্থি। তাই এই একুশের চেতনা ধারণ করেই দুর্নীতিকে রুখতে হবে, সব প্রকার বৈষম্য থেকে মুক্তি লাভের সংগ্রাম চালিয়ে যেতে হবে।
ড. জামান বলেন, এটা খুবই উদ্বেগের বিষয় যে সরকার ও প্রশাসনযন্ত্রে এক রকম ‘অস্বীকারের সংস্কৃতি’ বা ‘ডিনায়াল সিনড্রোম’ জেঁকে বসেছে। যে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম আর অভিযোগ উঠলেই সেটিকে একেবারে বাতিল বা অস্বীকার কিংবা ঢালাওভাবে ষড়যন্ত্রের বাতাবরণ দেওয়ার চেষ্টা দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রতিশ্রুতিসমূহকে প্রতিনিয়ত প্রশ্নের মুখে ফেলছে এবং দুর্নীতিসহায়ক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখছে।
অবিলম্বে দল-মত-পক্ষ নির্বিশেষে কিংবা ভয় ও অনুকম্পার বশবর্তী হয়ে কাউকে বিশেষ সুবিধা প্রদানের মতো অনৈতিক চেতনার ঊর্ধ্বে উঠে, একুশের চেতনা ধারণ করে দুর্নীতির বিরুদ্ধে বাস্তবিক অর্থেই কঠোর অবস্থান নিতে হবে। অন্যথায় যে চেতনার ভিত্তিতে মহান ভাষাশহিদ ও মুক্তিযোদ্ধারা অকাতরে জীবন দান করে গেছেন তা অনর্থক হয়ে যাবে।
