ওসাকার চতুর্থ মুকুট
স্পোর্টস ডেস্ক
করোনা ভাইরাস গত এক বছরে পুরো বিশ্বকেই বদলে দিয়েছে। তবে এই ঘাতক ভাইরাসের আগমনের পর টেনিস অঙ্গনে একটি দৃশ্য যেন নিয়মে পরিণত হচ্ছে। সেটি হচ্ছে নাওমি ওসাকার জয়। অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের ফাইনালে যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডিকে সরাসরি সেটে হারিয়ে গতকাল টানা দ্বিতীয় গ্র্যান্ডস্লামের মুকুট মাথায় দিলেন জাপানের ওসাকা। হার্ড কোর্টে গত ছয়টি গ্র্যান্ডস্লামের চারটিই ঘরে তুলেছেন এই ২৩ বছর বয়সি।
এখন পর্যন্ত চারটি গ্র্যান্ডস্লাম ফাইনাল খেলেছেন ওসাকা। জিতেছেন চারটিতেই। ক্যারিয়ারে চতুর্থ গ্র্যান্ডস্লাম ও দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জয়ের পথে গতকাল মেলবোর্ন পার্কে ব্র্যাডিকে হারিয়েছেন ৬-৪, ৬-৩ গেমে। গত বছরের ফেব্রুয়ারি থেকে অপরাজিত ওসাকা গতকালের ফাইনালে পেয়েছেন টানা ২১তম জয়। করোনাকালীন সময়ে এই আসর দিয়েই প্রথম দর্শকদের আমন্ত্রণ জানিয়েছে টেনিস। ম্যাচশেষে ওসাকার উচ্ছ্বাস সেটি নিয়েই, ‘দর্শকদের সামনে খেলার অনুভূতিটা দারুণ। আমি গত গ্র্যান্ডস্লামটা খেলেছি দর্শকছাড়া। দর্শকদের কাছ থেকে যে প্রাণশক্তিটা পাচ্ছি, তার তুলনা হয় না। মনে হচ্ছে গ্র্যান্ডস্লামে খেলতে পারাটাই আমার সৌভাগ্য।’
পুরুষ এককের ফাইনাল আজ
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হারেন না নোভাক জোকোভিচ। এর আগে আটবার খেলেছেন, জিতেছেন আটবারই। নবম শিরোপার ছোঁয়া দূরত্বে থাকা জোকোভিচ আজ মুখোমুখী হচ্ছেন দানিল মেদভেদেভের, যাকে টুর্নামেন্ট শুরুর আগেই এবারের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হিসেবে ঘোষণা করেছিলেন জোকোভিচ।
দ্বিতীয়বারের মতো পুরুষ এককের ফাইনালে উঠা মেদভেদেভ কেন সবচেয়ে কঠিন প্রতিপক্ষ সেটা বলে দেয় তার সাম্প্রতিক সংখ্যাই। গতবছরের অক্টোবর থেকে টানা ২০ ম্যাচ ধরে অপরাজিত আছেন এই রাশিয়ান। এছাড়া জোকোভিচের সঙ্গে গত ৪ ম্যাচের তিনটিতেই জিতেছেন তিনি।
আজ মেদভেদেভের সামনে থাকছে সেটাকে ৫ এ ৪ করার সুযোগ, থাকছে ওসাকার মতো টানা ২১ ম্যাচ জেতার সুযোগ। রড লেভার এরিনায় আজ কিংবদন্তি জোকোভিচকে প্রথমবারের মতো ফাইনালে হারাতে পারলে শুধু নিজের প্রথম গ্র্যান্ডস্লামেরই দেখা পাবেন না মেদভেদেভ, টেনিস বিশ্বকে একজন নতুন তারকার আগমনবার্তাও জানিয়ে দিবেন সঙ্গে সঙ্গে। আর ‘শান্তশিষ্ট’ জোকোভিচের সামনে থাকছে ফাইনালের রেকর্ডটা ৯-০ বানিয়ে নিজের ১৮তম গ্র্যান্ডস্লাম জিতে নেওয়ার।
