এপ্রিলে যাবে বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের শঙ্কার মধ্যেই গত জানুয়ারিতে শ্রীলঙ্কা সফর করেছে ইংল্যান্ড। দুই টেস্টের সিরিজ খেলতে গত ৩ জানুয়ারি কলম্বো পৌঁছেছিল জো রুটের দল। হাম্বানটোটায় হোটেলে তিন দিন কোয়ারেন্টাইনে ছিল দলটি। পরপর দুই বার করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পাওয়ার পর অনুশীলনে নেমেছিল রুটরা। পুরো সিরিজেই জৈব সুরক্ষা বলয়ে ছিল ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।
আগামী এপ্রিলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলও শ্রীলঙ্কা সফরে যাবে। দুই টেস্টের সিরিজে ইংল্যান্ডের মতোই স্বাস্থ্যবিধি মানতে হবে মুমিনুল হকের দলকে। গতকাল এমন তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
করোনাকালে বাংলাদেশের লঙ্কা সফরে কোয়ারেন্টাইনের নিয়ম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছেন, ‘আমাদের জানা মতে শ্রীলঙ্কায় কোভিডের অবস্থা আগে থেকে উন্নতি করেছে। এর মধ্যে ইংল্যান্ড দল শ্রীলঙ্কা সফর করে গেছে। আমাদের বলা হয়েছে, ইংল্যান্ডকে যে ধরনের বিধি মেনে চলতে হয়েছে, আমাদেরও তাই করতে হবে।’
এর আগে গত বছর দুই দফা করোনার কারণে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়েছিল। জুন-জুলাইয়ে প্রথম বার ও পরে সেপ্টেম্বরে অনেক আলোচনা, চিঠি বিনিময় শেষে কোয়ারেন্টাইনের মেয়াদ নিয়ে জটিলতায় সফর স্থগিত হয়। সরকারের নির্দেশনার কারণে ১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইন নীতিতে অটল ছিল দেশটির বোর্ড। যা মানতে রাজি হয়নি বিসিবি।
এবার সেই কঠোর নীতি থেকে সরে এসেছে লঙ্কান বোর্ড। ইংল্যান্ড ৩ জানুয়ারি শ্রীলঙ্কায় নেমে ৫ জানুয়ারি বিকেলেই অনুশীলন করেছিল। হাম্বানটোটায় ৫ দিন থেকে দুই ম্যাচের ভেন্যু গলে গিয়েছিল দলটি। একই রকম নীতি মানতে হবে মুমিনুলদেরও।
এপ্রিলের শুরুতে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরবে বাংলাদেশ দল। মাসের মাঝামাঝি উড়াল দেবে শ্রীলঙ্কার উদ্দেশ্যে। দুটি টেস্টই একই ভেন্যুতে খেলবে দুই দল। বিসিবির প্রধান নির্বাহী গতকাল বলেছেন, ‘আমাদের সঙ্গে শ্রীলঙ্কা বোর্ডের যোগাযোগ হচ্ছে। তাতে এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই দুটি ম্যাচ আছে সেটি চূড়ান্ত হয়েছে। দুটি টেস্ট ম্যাচ এক ভেন্যুতেই হবে। আমরা আশা করি, এপ্রিলের ১২-১৫ তারিখের মধ্যে যে কোনো একটা সময় বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফর করবে।’
তবে সিরিজের দুই টেস্টের চূড়ান্ত সময়সূচি এখনো ঘোষণা করেনি লঙ্কান বোর্ড। স্বাগতিকদের ঘোষণার অপেক্ষায় আছে বিসিবি।
