ফুটবল উন্নয়নে সরকারের সহযোগিতা চাইল বাফুফে
স্পোর্টস রিপোর্টার
সারা দেশ হতে খুদে ফুটবলার বাছাই করে এবার ঢাকায় চূড়ান্ত বাছাইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনূর্ধ্ব-১৫, ১৬, এবং ১৭ বছর বয়সের খেলোয়াড় বাছাই করার অভিযানে নেমে বাফুফে ১০ হাজার খুদে ফুটবলার হতে ২৬৩ জন টিকেছে প্রাথমিক তালিকায়। মনোনীত ফুটবলারদের নিয়ে ২৩-২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চূড়ান্ত বাছাই করবে বাফুফে। বাছাই চলবে ঢাকায়, কমলাপুর স্টেডিয়ামে।
ফুটবলারদের বাছাই কার্যক্রম নিয়ে গতকাল দুপুরে বাফুফে ভবনে সংবাদ সম্মেলন করেছিল। সেখানে বাফুফের পরিকল্পনার কথাগুলো আবার শুনিয়েছেন সভাপতি কাজী সালাহউদ্দিন। তৃণমূলে প্রতিভাবান খেলোয়াড়দের অভাব নেই। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু এদের খুঁজে এনে সঠিক পরিচর্যা না দেওয়ার কারণে অঙ্কুরেই হারিয়ে যাচ্ছিল দেশের ফুটবল প্রতিভা। আর যদি নিজ উদ্যোগে কোনো ফুটবলার দেশের ফুটবলের বড় মঞ্চে মেলে ধরতেও পারেন তাহলেও তিনি প্রয়োজনীয় যত্ন না পাওয়ার কারণে ঝরে যান। এমন খেলোয়াড়ের সংখ্যা ভূরি ভূরি।
বাফুফের বর্তমান কর্তারা এসব কথা জানেন। কিন্তু তারা প্রশিক্ষণের দীর্ঘ পথ তৈরি করতে পারেন না। মূলত প্রধান বাধা হচ্ছে অর্থ। গতকাল বাফুফের কর্মকর্তারা অর্থের কথাটা একটু বড় করেই উল্লেখ করলেন। বিশেষ করে ডেভেলপম্যান্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক বললেন, ‘স্বপ্ন থাকতে হবে। স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে। এই কারণেই ফুটবলের ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম। এখানে শুধু খেলোয়াড়দের ভালোভাবে প্রশিক্ষণ দিতে হবে। উন্নত খাওয়া-দাওয়াটাও একটি গুরুত্বপূর্ণ অংশ।’ বাস্তবতার কথা মাথায় রেখে ফুটবল উন্নয়নে মানিক সরকারের সহযোগিতা চাইল বাফুফে। যেভাবে খেলোয়াড় বাছাই করে আনা হয়েছে তা যদি ৫ বছর, ৭ বছর, ১২ বছর পর্যন্ত চলমান রাখতে হয় তাহলে বাজেট দরকার। মানিক বললেন, ‘বাফুফের কাছে বাজেট নেই।’ সরকারের কাছে বাজেট চাইলেন। তিনি বললেন, ‘সরকার বাজেট দিলে আরো ভালোভাবে এগিয়ে নেওয়া যায় ট্যালেন্ট হান্টিং, ক্রীড়া মন্ত্রণালয়ের কথা উল্লেখ করেন বাফুফের এই সহসভাপতি।
২৬৩ জন হতে কতজন ফুটবলার রাখা হবে সেটি ঘোষণা করেনি বাফুফে। তবে যাদের প্রতিভা আছে তারা টিকবে। এখান থেকে সাফ এবং এএফসি কাপের জন্য বয়স ভিত্তিক ফুটবলের জন্য দল গঠন করা হবে। যারা সময়ের সঙ্গে সঙ্গে জাতীয় দলের খেলার সুযোগও তৈরি করে নিতে পারবে। বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন জানিয়েছেন চূড়ান্ত বাছাইয়ে জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে থাকবেন।’ অনুষ্ঠানে ছিলেন বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর অস্ট্রেলিয়ান পল থমাস স্মলী। তিনি বলেছেন, ‘খেলোয়াড় বাছাই করতে গিয়ে আমরা খেলোয়াড়ের শারীরিক গঠন, উচ্চতা, টেকনিক্যাল বিষয়, খেলেয়াড়ের মেধা, কোন কোন পজিশনে খেলার যোগ্যতা আছে, ম্যাচের পরিস্থিতি বিচার করাসহ নানা বিষয় দেখা হয়েছে।’ ট্রায়ালে স্বল্প সময়ে এতকিছু দেখা সম্ভব কি না? এমন প্রশ্নে সালাহউদ্দিন বলেছেন, ‘সম্ভব। যার প্রতিভাবে আছে তাকে একবার দেখলে হয়ে যায়।’ বাছাই প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তা আতিকুর রহমানকে ধন্যবাদ জানায় বাফুফে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার রকিব, মহসীন, গাউস, স্বপন, মনি প্রমুখ।
