লিভারপুলে মূল দলে জায়গা না পাওয়া জাপানি তারকা তাকুমি মিনামিনো সাউদাম্পটনে এসে ভালোই সদ্ব্যবহার করছেন তার সংক্ষিপ্ত লোন স্পেলের। গতকাল সাউদাম্পটনের জার্সিতে নিজের তৃতীয় ম্যাচে দ্বিতীয় গোলের দেখা পেলেও দলকে জেতাতে পারেননি মিনামিনো। শুক্রবার তার গোলে প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসির সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে সাউদাম্পটন। সেইন্ট ম্যারি স্টেডিয়ামে ম্যাচের ৩৩ মিনিটে চেলসি গোলকিপার এডুয়া মেন্ডিকে বোকা বানিয়ে মিনামিনো গোল করলে এগিয়ে যায় সাউদাম্পটন। দ্বিতীয়ার্ধে ম্যাসন মাউন্ট পেনাল্টি থেকে গোল করে চেলসির হয়ে সমতা ফেরায়। টমাস টুখেলের অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জেতার পর এই প্রথম পয়েন্ট খোয়াল চেলসি। এই ড্রয়ের পরও পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানেই বহাল আছে চেলসি। আর সাউদাম্পটন অবস্থান করছে ১৩তে।
