তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পরিশ্রম ও সাধনা যে মানুষকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে, সমগ্র বিশ্বে তার উদাহরণ ছড়িয়ে আছে। আজকের সংগ্রামী শিশুরা একদিন সফল মানুষ হবে। আর সে জন্য শুধু বস্তুগত উন্নয়ন হলেই চলবে না, গড়তে হবে মানবিক রাষ্ট্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন, তা বাস্তবায়নে এর বিকল্প নেই। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবি মিলনায়তনে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের প্রতিনিধি সম্মেলন ২০২১-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের জনকল্যাণমুখী ও বঞ্চিত শিশুশিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন তথ্যমন্ত্রী। ফাউন্ডেশনের চেয়ারম্যান শাফি মুদ্দাসের খান জ্যোতির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কাজী মনিরুল ইসলাম মনু এমপি, আক্তারুজ্জামান বাবু এমপি বিশেষ অতিথি হিসেবে এবং সংস্থার নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা মজুমদার প্রধান আলোচকের বক্তব্য দেন।
এ টি এম শামসুজ্জামানের প্রতি তথ্যমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
এর আগে বিকালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সদ্যপ্রয়াত দেশবরেণ্য চলচ্চিত্র অভিনেতা এ টি এম শামসুজ্জামানের মরদেহে শ্রদ্ধা নিবেদন করতে রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টারে যান। মন্ত্রী প্রয়াতের অন্তিম শয্যায় পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তার আত্মার শান্তি কামনা করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন এবং কিছু সময় নিরবে অবস্থান করেন। উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, আমৃত্যু শিল্পের কল্যাণে কাজ করে যাওয়া এ টি এম শামসুজ্জামানের অভিনয়দক্ষতা দর্শকদের মুগ্ধ করে রেখেছে। এদেশের মানুষের স্মৃতিতে তিনি চিরঞ্জীব হয়ে থাকবেন।
