টেক্সাসে ‘গুরুতর দুর্যোগ’

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩০

যুক্তরাষ্ট্রের টেক্সাসের বিরূপ আবহাওয়ায় সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন টেক্সাসের পরিস্থিতিকে ‘গুরুতর দুর্যোগ’ বলে ঘোষণা দিতে যাচ্ছেন। তার এই ঘোষণার ফলে রাজ্যটির ত্রাণ উদ্যোগে আরো বেশি অর্থ ফেডারেল তহবিল ব্যয় করার পথ পরিষ্কার হবে। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্র জুড়ে চলা প্রবল শৈত্যপ্রবাহে এ পর্যন্ত অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে ২৫ জনের বেশি টেক্সাসের বাসিন্দা। বেশ কয়েক দিন ধরে রাজ্যটির ৪০ লাখেরও বেশি বাসিন্দা বিদ্যুিবহীন অবস্থায় আছে। পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনো প্রায় ১ কোটি ৩০ লাখ লোক বিশুদ্ধ পানি যোগাড় করতে হিমশিম খাচ্ছেন। লাইনের পানি জমে বরফ হয়ে যাওয়ার কারণে বোতলের পানির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে মানুষ। কারণ বিশুদ্ধ পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে। বাইডেন রাজ্যটি পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন।

দুর্যোগ ঘোষণার জন্য টেক্সাসের অনুরোধে দ্রুত সাড়া দেওয়ার জন্য প্রেসিডেন্ট তার টিমের প্রতি আহ্বান জানিয়েছেন বলে হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি নিশ্চিত করেছেন।

বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, সরকারি সম্পদে তাদেরও অধিকার আছে এটি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট টেক্সাসের হিউস্টন, অস্টিন ও ডালাসের মতো বড় বড় শহরগুলোর মেয়রদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। প্রচণ্ড ঠান্ডায় মিসিসিপি রাজ্যের দেড় লাখ বাসিন্দার শহর জ্যাকসনে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। পাশের রাজ্য টেনেসির অনেক অঞ্চলেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার পর্যন্ত টেক্সাসের প্রায় ১ লাখ ৮০ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুত্ ছিল না।