বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি টিম। শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মোর্শেদ ওরফে হাড্ডি মোর্শেদ, জাহিদ শেখ, আরমান হোসেন, কবির হোসেন মনা ও রাসেল। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত একটি বিদেশি রিভলবার, ৫০ রাউন্ড গুলি, স্বর্ণালংকার, লুণ্ঠিত স্বর্ণ বিক্রির ১৮ লাখ টাকা এবং ডাকাতি কাজে ব্যবহূত গ্রিল কাটার যন্ত্রপাতি, চাপাতি, চাকু উদ্ধার করা হয়। গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।
উল্লেখ্য, গত বছর ২০ অক্টোবর হাতিরঝিল থানা এলাকার বিশাল সেন্টারের পিছনে একটি বাসায় এবং ৮ ডিসেম্বর মিরেরবাগ এলাকার একটি বাসায় গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনা দুটিতে লাইসেন্সকৃত বিদেশি রিভলবার, ৫০ রাউন্ড গুলি, স্বর্ণালংকারসহ টাকা লুটে নেয় ডাকাতদল। এ ঘটনায় হাতিরঝিল থানায় দুইটি মামলা দায়ের করা হয়।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, গ্রেফতারকৃতরা গ্রিল কেটে ঘরে প্রবেশ করে বসবাসরত ব্যক্তিদের হাত-পা বেঁধে ডাকাতি করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
