পুরোনো সুতায় দড়ি তৈরি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪২

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

পুরোনো কাপড় থেকে সুতা সংগ্রহ করে, সেই সুতা থেকে দড়ি বানিয়ে বাজারে বিক্রি করছে বিরামপুর উপজেলার ২০টি পরিবার। বিজুল নলিয়াপাড়া গ্রামের মেহেদুল জানান, ২০ থেকে ৪০ টাকা কেজি দরে পুরোনো কাপড় কিনে সেই কাপড়ের সুতা থেকে দড়ি তৈরি করে বিক্রি করেন ৬০ থেকে ১০০ টাকা কেজি দরে। নলিয়াপাড়া কুটির শিল্প শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি আব্দুল মমিন জানান, স্বল্প সুদে ব্যাংক ঋণ বা সরকারি আর্থিক সুবিধা পেলে এই শিল্প আরো এগিয়ে যাবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, খোঁজখবর নিয়ে তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা করা হবে।