গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গোবিন্দগঞ্জে শহিদ মিনারের পাশ থেকে তিনটি তাজা ককটেল, একটি ধারালো ছোরাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনে রবিবার রাত ১২টা ১ মিনিটে শহিদ মিনারে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় পাশ থেকে ককটেল ও ছোরাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের শ্রীমুখ গ্রামের সাহারুল ইসলাম এবং একই ইউনিয়নের বারটিকরি গ্রামের মিলন মিয়া। গোবিন্দগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারের পাশে গরুহাটি থেকে তাদের আটক করা হয়। গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বলেন, তিনটি তাজা ককটেলসহ আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
