এমিরেটস প্রথম এয়ারলাইন হিসেবে এতদ্বঞ্চলে ট্রাভেল এজেন্টদের জন্য এনডিসি সক্ষম সরাসরি যোগাযোগ প্ল্যাটফরম ‘এমিরেটস গেটওয়ে’ অফার করতে যাচ্ছে। আগামী ১ জুলাই থেকে এই প্ল্যাটফরমের মাধ্যমে ট্রাভেল এজেন্টরা অধিকতর সমৃদ্ধ কমেন্ট ও সেবা সুবিধা পাবেন। ঐ একই দিন থেকে গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমস (জিডিএস) এর মাধ্যমে সকল বুকিংয়ের ক্ষেত্রে সারচার্জ প্রযোজ্য হবে। বিভিন্ন চ্যানেলে ট্রেড পার্টনারদের যোগাযোগ অপশন, বিশেষ পণ্য ও সুবিধা প্রদানের লক্ষ্য নিয়ে গত বছরের অক্টোবরের মাসে ‘এমিরেটস গেটওয়ে’ যাত্রা শুরু করে। এয়ারলাইনগুলোর কনটেন্ট ডিস্ট্রিবিউশনকে আরো উন্নত করার লক্ষ্য নিয়ে আইএটিএ নিউ ডিস্ট্রিবিউশন ক্যাপাবিলিটি বা এনডিসি উদ্ভাবন করে। এমিরেটসের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আদনান কাজিম বলেন, আমাদের লক্ষ্য হলো ট্রেড পার্টনারদের ক্ষমতায়ন, যাতে তারা গ্রাহকদের আরো ভালো সেবা দিতে পারেন। বর্তমানে প্রচলিত পদ্ধতিতে যে সকল সীমাবদ্ধতা রয়েছে সেগুলো কাটিয়ে এজেন্টদের অতিরিক্ত অনেক কনটেন্ট ও অপশন প্রদানের জন্যই এমিরেটস গেটওয়ে চালু করা হয়। যে সকল এজেন্সি এমিরেটস গেটওয়েতে সাইন আপ করেনি তারাও এয়ারলাইনটির জিডিএস পার্টনার যেমন অ্যামাডিয়াস, ট্রাভেলপোর্ট, ট্রাভেলস্কি, ইনিফিনি এবং সিরেনার মাধ্যমে এমিরেটসের গতানুগতিক কনটেন্ট লাভের সুবিধা পাবেন।—প্রেস বিজ্ঞপ্তি
