আড়াইহাজারে ডাকাত ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, আটক ৫

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৫

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওয়ারেন্টের আসামি ধরতে অভিযানে গেলে ডাকাত ডাকাত চিত্কার দিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের  পাঁচরুখী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতভর  অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করেছে পুলিশ। আহত পুলিশ সদস্যরা হলেন—আড়াইহাজার থানার এএসআই হালিম খান, কনস্টেবল নাজমুল, আমান উল্লাহ।

এএসআই হালিম খান জানান, রাতে ওয়ারেন্টের আসামি ধরতে বের হলে পাঁচরুখীতে পথে তিন জনকে দেখতে পাই। তাদের পরিচয় জানতে চাইতেই তারা হাতে মাদক থাকা একটি বাক্স  ফেলে দৌড় দেয়। এ সময় পাশেই আনন্দ ভ্রমণে যাওয়া একটি বাসে উঠে তারা ডাকাত বলে চিত্কার দেয়। এ সময় বাস থেকে নেমে এসে লোকজন আমাদের ওপর হামলা চালায়। স্থানীয় শামীম ও কাউসারের নেতৃত্বে পিকনিকের বাসটি মাধবপুর যাওয়ার কথা ছিল। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ও পরে ঢাকা মেডিক্যালে চিকিত্সা দেওয়া হয়। আটক পাঁচ জন হলেন—গিরদা এলাকার সজীব সরকার, শাহীন মিয়া, বাজবী এলাকার আজিজুল হক, কুমার পাড়া এলাকার শাহাবুদ্দিন ও সোনাকান্দা এলাকার মাসুদ মিয়া। আটককৃতদের বিরুদ্ধ মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।