সালাম মুর্শেদী
স্পোর্টস রিপোর্টার
এএফসি বাংলাদেশের ঘরোয়া ফুটবলের তলানির খবর রাখে। আর সে কারণেই এএফসি লিগের ১৩টি দলের মধ্যে নির্দিষ্ট দুইটি দলের নাম উল্লেখ করে সন্দেহজনক বলে অভিযোগ করে চিঠি পাঠিয়েছে।
এত বড় বড় ক্লাব থাকতে এএফসি কীভাবে ব্রাদার্স এবং আরামবাগের নাম সন্দেহজনক তালিকায় তুলে নিল। প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী নিশ্চিত করে বলতে পারলে না। তবে তিনি ধারণা করছেন বাংলাদেশে কোনো না কোনো ব্যক্তি আছেন এসব তথ্য জানানোর জন্য। তিনি বলেন, ‘এএফসি আমাদের লিগের প্রত্যেক ম্যাচের রিপোর্ট নেয়। খবর রাখে। কোথায় খেলা হচ্ছে, কোথায় কী হচ্ছে তার সব খবরই এএফসিতে থাকে। এখন আমরা বলতে পারছি না এখান (বাংলাদেশ) থেকে কে বা কারা খবর পাঠায়। এটা আমাদের জানা নেই। আমি এই টুকু বলতে পারি এএফসির প্রত্যক্ষ পর্যবেক্ষণ আছে বাংলাদেশে ফুটবলে। এটা যে কোনো দেশের ফুটবলে পর্যবেক্ষণ করে থাকে এএফসি।’
দুই ক্লাবের বিপক্ষে যে অভিযোগ উঠেছে তা নিয়ে তদন্ত চলছে। দুই ক্লাবের কাছে চিঠি দিয়ে মতামত জানতে চাইলেও এর পর চিঠিতে কিছু প্রমাণ উল্লেখ করে তার ব্যাখ্যা চাওয়া হবে বলে জানা গেছে। যেসব ব্যাখ্যা দেওয়া আরামবাগ এবং ব্রাদার্সের জন্য কঠিন হয়ে যাবে এমন কথা বাফুফে থেকে শোনা যাচ্ছে।
তবে সালাম মুর্শেদী বলছেন, ‘অভিযোগ যা হোক, আমরা সবকিছু আমাদের পাতানো খেলা শনাক্তকরণ কমিটিতে পাঠিয়ে দেব। উনারা কাজ করবেন রিপোর্টের ভিত্তিতে।’ আর সাধারণ সম্পাদক জানিয়েছেন ফিফা পাতানো খেলার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। অতএব অভিযোগ প্রমাণিত হলে নিয়ম অনুসারে ব্যবস্থা।
