লা লিগায় চার দিনে দুই বার পয়েন্ট খোয়াল অ্যাটলেটিকো, তাও আবার একই দলের বিপক্ষে। আর এই সুযোগে টেবিলের শীর্ষে থাকা দলটির সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। লা লিগায় গত বুধবার লেভান্তের সঙ্গে ড্র করার পর শনিবার ঘরের মাঠে ০-২ গোলে হেরেছে ডিয়েগো সিমিওনের দল। লেভান্তের বিপক্ষে চার দিনে পাঁচ পয়েন্ট খোয়ালেও এখনো টেবিলের শীর্ষেই আছে অ্যাটলেটিকো। তবে নগর-প্রতিদ্বন্দ্বীদের পরাজয়ের রাতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল ভায়াদলিদের বিপক্ষে বলের দখল সিংহভাগ সময় নিজেদের পায়ে রাখলেও আক্রমণ ভাগের ধারহীনতায় গোলের দেখা পাচ্ছিল না জিনেদিন জিদানের দল। তবে ম্যাচের ৬৫ মিনিটে গোল করে দলকে উদ্ধার করেন রিয়ালের ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো। ১-০ গোলের এই জয়ে অ্যাটলেটিকোর সঙ্গে ব্যবধান কমিয়ে তিন পয়েন্টে নিয়ে এসেছে রিয়াল। বার্সারও সুযোগ ছিল রিয়ালের কাঁধে কাঁধ রেখে এগিয়ে যাওয়ার। কিন্তু গতকাল কাদিজের সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে বসায় সুযোগ হাতছাড়া করেছে রোনাল্ড কোম্যানের দল। ম্যাচের ৩২ মিনিটে লিওনেল মেসির পেনাল্টিতে বার্সা এগিয়ে গেলেও ম্যাচের একদম শেষদিকে কাদিজও পেনাল্টি থেকে গোল করে বসলে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় মেসিদের।
