ভৈরবে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ভাঙচুর

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৮

কিশোরগঞ্জের ভৈরবে পৌর নির্বাচনকে সামনে রেখে শহরের জগন্নাথপুরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে নির্বাচনি অফিসের চেয়ার টেবিলসহ দুটি বসতঘর। গতকাল রবিবার সকালে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ফজলু মিয়া এবং অপর প্রার্থী আশ্রাফুল ইসলামের কর্মী সমর্থকদের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ফজলু মিয়া আর আশ্রাফুল ইসলাম হলেন একই ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর। গত পৌর নির্বাচনে ফজলু মিয়ার কাছে হেরে যান আশ্রাফুল ইসলাম। এবারও তারা দুজন কাউন্সিলর প্রার্থী। ফলে এলাকায় প্রভাব বিস্তার এবং আধিপত্য ধরে রাখতে দুই পক্ষের মধ্যে গত ১০ দিনে তিনটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েক জন আহত হন। এসব ঘটনায় একে অপরের বিরুদ্ধে থানায় মামলাও করেছেন। এরই জের ধরে গতকাল সকালে আবারও তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় প্রতিপক্ষের সমর্থকরা ফজলু মিয়ার একটি নির্বাচনী অফিসের চেয়ার টেবিলসহ দুটি বসতঘর ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। একই সঙ্গে কাউন্সিলর প্রার্থী আশ্রাফুল ইসলামকে আটক করে পরে ছেড়ে দেয়।

ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, জিজ্ঞাসাবাদের জন্য এবং এলাকা শান্ত করার জন্য একজন কাউন্সিলর প্রার্থীকে আটক করে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে।