বগুড়ায় ছাত্রলীগের ধাওয়া খেয়ে পুলিশ ফাঁড়িতে ঢুকলেন বিএনপির এমপি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩০

বগুড়ার কেন্দ্রীয় শহিদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ছাত্রলীগের তোপের মুখে পড়েন বগুড়া-৬ (বগুড়া সদর) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। ছাত্রলীগের ধাওয়া খেয়ে তিনি শহিদ মিনারসংলগ্ন পুলিশ ফাঁড়িতে গিয়ে আশ্রয় নেন। রবিবার সকাল ৯টার দিকে বগুড়া শহরের শহিদ খোকন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ দ্রুত সংসদ সদস্যকে পরে জেলা বিএনপি কার্যালয়ে পৌঁছে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বে বগুড়া জেলা বিএনপির নেতাকর্মীরা শহিদ খোকন পার্কে শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে আসে। শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে গোলাম মোহাম্মদ সিরাজ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয় কার্যালয়ে ফিরছিলেন। শহিদ খোকন পার্কের গেটে পৌঁছলে শহিদ মিনার চত্বরে অবস্থানরত ছাত্রলীগের নেতাকর্মীরা গোলাম মোহাম্মদ সিরাজকে রাজাকার বলে স্লোগান দেওয়া শুরু করেন। একপর্যায় তারা সিরাজকে ধাওয়া করেন। এ সময় তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দ্রুত শহিদ মিনারের পাশে সদর পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন। ফাঁড়ির প্রধান গেট বন্ধ করে দিয়ে এমপি নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে পুলিশ। ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী পুলিশ ফাঁড়ির সামনে সিরাজবিরোধী স্লোগান দেন। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ফিরে গেলে পুলিশ তাদের সবাইকে নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে নিরাপদে পৌঁছে দেয়। পরে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ বেষ্টনির মধ্যে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায় বলেন, নেতাকর্মীরা শহিদ মিনারে দলীয় স্লোগান দিচ্ছিলেন। এ সময় এমপি সিরাজের উপস্থিতিতে ছাত্রদলের নেতাকর্মীরা সরকারবিরোধী কটূক্তিমূলক পালটা স্লোগান দেন। তখন ছাত্রলীগের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে উঠলে এমপি ও নেতাকর্মীরা পালিয়ে যান।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম জানান, তাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া করেন।