ফরিদগঞ্জ-গাজীপুর-ধানুয়া সড়কে শতাধিক তালগাছ কেটে সাবাড়

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩১

চাঁদপুরের ফরিদগঞ্জ-গাজীপুর-ধানুয়া সড়কের দুই পাশের শতাধিক তালগাছ অনুমোদন ছাড়াই কেটে সাবাড় করেছে একশ্রেণির অসাধু ব্যক্তি। অথচ প্রশাসনের তরফ থেকে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

গতকাল রবিবার সরেজমিনে গিয়ে দেখা গেল, ধানুয়া-গাজীপুর এলজিইডি  সড়কের দুই পাশ থেকে তালগাছ কেটে নিচ্ছে স্থানীয় ভুট্টু নামে এক ব্যক্তি। চারটি তালগাছ একদিনেই কাটা শেষ। শুক্র, শনিবার সরকারি ছুটির দিন আর ২১ ফেব্রুয়ারিও বন্ধ। এ সময়টাতে প্রশাসনের নজরদারি কম থাকার থাকার সুযোগে তালগাছ কাটছিল ভুট্টু। তালগাছ কাটার অনুমতি আছে কি না জানতে চাইলে সে বলে, ‘ইউপি চেয়ারম্যান দেখে গেছেন এবং বলেছেন রাস্তার কাজের প্রয়োজনে কেটে নিতে, তাই কাটছি।’ ভুট্টুর চাচা মো. কবির মাস্টারও বলেন, এলজিইডির ঠিকাদার জাহাঙ্গীর এবং ইউপি চেয়ারম্যান রাস্তার প্রয়োজনে আমাদের ঝুঁকিপূর্ণ তালগাছগুলো কাটতে বলেছেন, তাই কেটে নিয়েছি।

কিন্তু সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরী বলেন, তালগাছ কাটতে আমি কাউকে অনুমতি দেইনি। পরিবেশের জন্য তালগাছ রক্ষা করা আমাদের দায়িত্ব। খোঁজ নিয়ে তালগাছ কাটা বন্ধ করতে বলব আমি।

উপজেলার ভারপ্রাপ্ত প্রকৌশলী এস এম রাশেদুর রহমান বলে, আমাদের সড়কের গাছ হলে অনুমতি ছাড়া কাটার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরী জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছ রক্ষা করা ও রোপণ অতি জরুরি, তাই আমাদের সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে। যারা তালগাছ কাটছে তাদের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রকৌশল দপ্তরকে বলব।