বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬, আহত ১৫

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৪

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী এসআর পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে ওভারটেক করার সময় বিপরীতমুখী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ছয় জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে উভয় গাড়ির চালক ও এক পরিবারের স্বামী-স্ত্রী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পনেরো যাত্রী। গুরুতর আহতদের বগুড়ায় শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের পৌরশহরের কলেজ রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন—দুর্ঘটনাকবলিত বাসের চালক শেরপুর পৌরশহরের গোসাইপাড়া এলাকার মনিন্দ্র নাথ সাহার ছেলে বাবলু সাহা ওরফে বাঘা (৫৫), একই বাসের হেলপার উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুন্ডি গ্রামের নজর আলীর ছেলে ইদ্রিস আলী (৪০), ট্রাকের চালক খুলনা সদর উপজেলার আমজাদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২১), বগুড়া জেলার সদর উপজেলার হাজরাদীঘি গ্রামের তছলিম উদ্দীনের ছেলে ইয়াসিন আলী (৬৫), তার স্ত্রী হোসনে আরা ফিরোজা (৬০) ও একই উপজেলার দক্ষিণ নাটাইপাড়া গ্রামের মিন্টু সেখের ছেলে আকতার উদ্দিন (৪৫)।

এছাড়া উক্ত ঘটনায় আহতদের মধ্যে গুরুতর ১০ জনকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের সবার বাড়ি পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়া জেলায়। আর বাকি আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা নিয়ে বাড়ি চলে গেছেন। শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

সংঘর্ষের পর বাসটি দুমড়েমুচড়ে মহাসড়কে আড়াআড়িভাবে উলটে যায়। পাশাপাশি পাথরবোঝাই ট্রাকের সম্মুখভাগ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনাকবলিত উভয় গাড়ি মহাসড়কের ওপর পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় মহাসড়কের দুই পাশে অসংখ্য দূরপাল্লার যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ উদ্ধার অভিযান শেষ হওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

এ প্রসঙ্গে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আলম বলেন, যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে ওভারটেক করতে গেলে বিপরীতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

মাওয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর

সাইকেল আরোহী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে  রবিবার দুপুরে ঢাকামুখী বাসের চাপায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো এক মোটর সাইকেলের দুই আরোহী। নিহতরা হলেন—শরীয়তপুর জেলার জাজিরা থানার জয়নগর গ্রামের সাত্তার মিয়ার ছেলে সুজন (২৭) ও একই গ্রামের কাদির হাওলাদারের ছেলে ফরমান (২০)। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে লৌহজংয়ের খানবাড়ি এলাকায় পদ্মাসেতুর টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।  হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আফজাল হোসেন উল্লেখিত তথ্য দিয়ে জানান, ঢাকা থেকে ২টি মোটরসাইকযোগে চার আরোহী শরীয়তপুর যাচ্ছিলেন। পথে উল্লেখিত স্থানে বিপরীতমুখী একটি বিআরটিসির যাত্রীবাহী বাস একটি মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হয় । এসময় ধাক্কা লেগে অপর মোটরসাইকেলের আরো দুই আরোহী আহত হয়। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। চালক পালাতক রয়েছে।