ইয়াবা ও গুলি রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা, গ্রেফতার ৫

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪১

চট্টগ্রামে এক ব্যবসায়ীকে গুলি ও ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল রবিবার নগর গোয়েন্দা পুলিশ উত্তর বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, ইফতেখার করিম চৌধুরী (৪৮), মো. সোহেল (২৬), মো. ফয়সাল (২০), নজরুল ইসলাম (৪২) ও জামাল হোসেন (৪১)।

এসময় গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আলী আহমেদ বলেন, গত শনিবার সকালে আমাদের কাছে তথ্য আসে নাসিরাবাদ এমইএস কলেজের সামনে হেয়ার অ্যান্ড ফেয়ার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ইয়াবা ও গুলি রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে সোফার নিচ থেকে ২০০ পিস ইয়াবা ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করি। বিষয়টি আমাদের সন্দেহ হলে প্রতিষ্ঠানের সিসিটিভি  ক্যামরার ফুটেজ চেক করি। এতে এক যুবককে সোফার নিচে ইয়াবা ও গুলি রাখতে দেখা যায়। পরে ফয়সাল নামের ঐ যুবককে গ্রেফতার করা হয়। তার তথ্যের ভিত্তিতে বাকি চার জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা স্বীকার করেছে হেয়ার অ্যান্ড ফেয়ারের মালিক মান্নান শেখকে ফাঁসানোর জন্য সেখানে ইয়াবা ও গুলি রাখা হয়েছিল। গ্রেফতারকৃতদের মধ্যে দুই জন দৈনিক মুক্তখবরের সাংবাদিক পরিচয় দিয়েছে। তাদের কাছ থেকে পত্রিকার আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

মামলার বাদী মান্নান শেখ বলেন, আমার সঙ্গে ব্যাবসায়িক দ্বন্দ্ব নিয়ে কয়েকজনের সঙ্গে ঝগড়া হয়েছিল। তারাই এটি করে থাকতে পারে। তবে পুলিশের হাতে গ্রেফতার হওয়া লোকদের আগে থেকে চিনতাম না।