জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংলগ্ন (জাবি) গেরুয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা ২৫০ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রবিবার আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকালে বিশ্ববিদ্যালয়ের পক্ষে নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী (সজল) বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।
এর আগে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এক সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি জানায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে মামলা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা।
তাদের অন্য দাবিগুলো হলো—হলের তালা ভেঙে ভেতরে অবস্থানরতদের বিদ্যুত্ ও গ্যাসসহ অন্য মৌলিক সুযোগ-সুবিধা দেওয়া, গেরুয়ায় অবস্থানরত শিক্ষার্থীদের পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাসে ফিরিয়ে আনা, হামলায় আহত শিক্ষার্থীদের চিকিত্সার ব্যয়ভার বহন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়া।
এদিকে গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তালা ভেঙে হলে ঢুকলেও ছাত্রীরা ঢুকতে পারেনি। ছাত্রীরা বলেন, সোমবার দুপুর ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল খুলে না দিলে আমরা সব ছাত্রীদের নিয়ে হলে প্রবেশ করব। হলে অবস্থানরত এক ছাত্র বলেন, গত ২৪ ঘণ্টায় হল প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুত্ ও গ্যাসসহ সব মৌলিক সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে।
এদিকে গেরুয়ায় অবস্থানরত শিক্ষার্থীরা স্থানীয়দের বিরুদ্ধে খাবারের দোকানে খাবার সরবরাহ, খাবারের পার্সেল সার্ভিস, মেসগুলোতে পানি ও বিদ্যুত্ সরবরাহ বন্ধের অভিযোগ করেছেন। এসব বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন সেখানে অবস্থানরত শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান ইত্তেফাককে বলেন, রাষ্ট্রীয় সিদ্ধান্তের বাইরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সিদ্ধান্ত নিতে পারে না। তাই হল খোলার ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে যে সিদ্ধান্ত আসবে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
