সিলেটে অটোরিকশাচালকের মারধরে ব্যাংক কর্মকর্তা নিহত

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ০০:১৫

নগরের বন্দরবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশাচালকদের মারধরে এক জন ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার রাতে বন্দরবাজার এলাকায় কালেক্টরেট জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত মওদুদ আহমেদ পেশায় ব্যাংক কর্মকর্তা। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার টেংগুরিপাড়া গ্রামের মো. আব্দুল ওয়াহেদের ছেলে। মওদুদ জৈন্তাপুর উপজেলার অগ্রণী ব্যাংক হরিপুর গ্যাস ফিল্ড শাখায় ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং ঐ এলাকার একটি ভাড়াবাসায় থাকতেন।

পুলিশ জানায়, শনিবার বিকালে জৈন্তাপুরের হরিপুর থেকে একটি সিএনজি অটোরিকশায় নগরের বন্দরবাজারে যান মওদুদ। সন্ধ্যায় কালেক্টরেট জামে মসজিদের সামনে আসার পর  সিএনজি অটোরিকশাচালক নোমানের সঙ্গে ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে  নোমানসহ আরো কয়েকজন অটোরিকশাচালক মওদুদকে বেধড়ক মারধর করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে নিয়ে যান মুরাদ আহমেদ ও ইউনুছ আলী নামে দুই ব্যক্তি। পরে রাত পৌনে ৯টার দিকে চিকিত্সাধীন অবস্থায় মওদুদের মৃত্যু হয়।