কমলাপুরে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ০০:১৬

রাজধানীর কমলাপুরের একটি আবাসিক হোটেল থেকে সেলিম শাহ (৪১) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

মতিঝিল থানার এসআই আব্দুল জলিল জানান, শনিবার ভোরে মতিঝিলের কমলাপুরের ইনসাফ আবাসিক হোটেলে এক নারীসহ ঐ ব্যক্তি ওঠেন। তখন এনআইডি কার্ড চাওয়া হলে পরে দেবেন বলে কক্ষে চলে যান তারা। এনআইডি নম্বর নিয়ে না আসায় হোটেল কর্মচারীরা সকালে তার কক্ষে গিয়ে দরজা বাইরে থেকে ছিটকিনি লাগানো দেখতে পায়। পরে ভেতরে গিয়ে বিছানায় লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এ সময় ঐ নারীকে পাওয়া যায়নি। তিনি আরো জানান, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। ঐ নারীকে চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

এদিকে মৃত সেলিমের স্বজনরা জানান, তার বাড়ি নাটোর সদর উপজেলার ভাবলী গ্রামে। এক ছেলে, স্ত্রীসহ তার পরিবার নিয়ে গ্রামে থাকতেন সেলিম। পুলিশ সদস্য হিসেবে এক সময় চাকরি করতেন। ১৪-১৫ বছর আগে চাকরি থেকে চলে আসেন তিনি। এরপর থেকে বেকার অবস্থায় ছিলেন। চাকরির জন্য সপ্তাহখানেক আগে তিনি গ্রাম থেকে ঢাকায় আসেন।