দেশের মানুষকে বঞ্চিত করে দলীয়করণ চলছে :জি এম কাদের

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ০০:১৭

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, স্বাধীনতার আগে পশ্চিম পাকিস্তানের সঙ্গে আমাদের বৈষম্য ছিল; কিন্তু ’৯০ সালের পর থেকে যারা রাষ্ট্রক্ষমতায় থাকছে তারা দেশের মানুষের সঙ্গে বৈষম্য করছে। দেশের মানুষকে বঞ্চিত করে দলীয়করণ চলছে। উপজেলা পর্যায়ের নেতারাও হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। যারা রাষ্ট্রক্ষমতায় থাকে তারাই চাকরি ও ব্যবসায় সুযোগ পাচ্ছে; কিন্তু দেশের সাধারণ মানুষ সব অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গতকাল জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলোচনাসভায় জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের মানুষ আজ কথা বলতে পারছে না, গণমাধ্যম সত্য কথা তুলে ধরতে পারছে না। জাপার কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, গণমানুষের স্বার্থে সব ভয় উপেক্ষা করে রাজনীতির মাঠে থাকবে জাপা। পার্টির আরেক কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেন, জাপায় কখনোই নেতৃত্বের সংকট হয়নি, হবেও না। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—জাপার প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মসিউর রহমান রাঙ্গা, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ প্রমুখ। আলোচনাসভার আগে ও পরে জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদেরের তত্ত্বাবধানে এবং সদস্যসচিব আলাউদ্দিন আহমেদের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।