প্রয়োজনে জেলে গিয়েও বঙ্গবন্ধুর মতো স্লোগান দেব ‘জয় বাংলা’

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ০০:১৭

পশ্চিমবঙ্গের নাম বদলে হোক ‘বাংলা’। গতকাল রবিবার কলকাতার দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে ফের এই দাবি তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি তার আহ্বান, এখন থেকে ফোনে হ্যালো না বলে বলুন ‘জয় বাংলা’। এর জন্য প্রয়োজনে বঙ্গবন্ধুর মতো জেলে গিয়েও ‘জয় বাংলা’ স্লোগান দেব।

ভাষাশহিদদের স্মরণে শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, ‘বাংলার মেরুদণ্ড বিজেপি নেতারা ভাঙতে চাইছে। আসুন ভেঙে দেওয়ার চেষ্টা করুন। বাঙালির মেরুদণ্ড ভাঙা এত সহজ নয়। ধমকানি, চমকানিতে ভয় পাই না। জাতিকে বিস্মৃত করতে চাইছে। জেলের ভয় আমাকে দেখাবেন না। বন্দুক-গুলির সঙ্গে লড়াই করেছি। এখন নেংটি ইঁদুরের সঙ্গে লড়াই করতে হবে?

বাংলাদেশ উপদূতাবাসের আয়োজনে ভাষাশহিদদের স্মরণে উপদূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পর হয় প্রভাতফেরি। উপদূতাবাস চত্বরে শহিদ মিনারে শ্রদ্ধা জানান, উপরাষ্ট্রদূত তৌফিক হাসান, কাউন্সেলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম, কাউন্সেলর (কন্স্যুলার) মোহম্মদ বশির উদ্দিন, প্রথম সচিব (প্রেস) মোফাকখারুল ইকবাল, প্রথম সচিব (রাজনৈতিক-১) শামীমা ইয়াসমীন স্মৃতি প্রমুখ। বিকালে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন দেশের কনস্যুলেটের প্রতিনিধিরা তাদের নিজের নিজের ভাষায় সাংস্কৃতিক অনুষ্ঠান করেন।