বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ৯ বছর সামরিক শাসনের বিরুদ্ধে আপসহীন লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠাকারী বেগম খালেদা জিয়াকে তিন বছর বন্দি রেখে তার ওপর জুলুম করা হচ্ছে। খালেদা জিয়াকে বন্দি না করলে দিনের ভোট রাতে করা যেত না। একদলীয় কর্তৃত্ববাদী শাসন, মাফিয়াতন্ত্র, ক্যাসিনোতন্ত্র প্রতিষ্ঠা করা যেত না। সেগুলো প্রতিষ্ঠা করার পর এখন আজীবন ক্ষমতায় থাকার জন্য তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে।
গতকাল রবিবার সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে দলের পক্ষ থেকে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ সব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম প্রমুখ। আজিমপুরে ভাষাশহিদদের কবরে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত শেষে বিএনপি নেতাকর্মীরা কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দেন।
