চাল, ডাল, চিনি, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, সার, গো-খাদ্য, হাঁস-মুরগির খাবার ইত্যাদির গুদামে চার ভাগের মধ্যে একভাগ প্যাক করা বস্তা পাটের। বাকি তিনভাগ বস্তা সিনথেটিক। পাটের বস্তা সামনে রাখা হয়েছে সিনথেটিক বস্তা আড়াল করে। সিনথেটিক ফাইবার আবিষ্কারের ফলে পাটের সোনালি বাজার ধ্বংস হয়েছে। সিনথেটিক ব্যাগ দামে সাশ্রয়ী হলেও মাটির উর্বরতা নষ্ট, জলাবদ্ধতা ও পরিবেশদূষণ করা ছাড়া প্রকৃতির অপূরণীয় ক্ষতির কারণ।
সিনথেটিক বস্তা ও পলিথিনের শপিংব্যাগ ২০০ বছরেও নষ্ট হয় না। এদিকে পলিথিনের শপিংব্যাগ অবাধে ব্যবহারের ফলে পানি নিষ্কাশনের জায়গাগুলোতে জমে জলাবদ্ধতা সৃষ্টি করছে। জলাবদ্ধতা দূর করা যাচ্ছে না কিছুতেই। জলাবদ্ধতা নিরসন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই পলিথিনের শপিং ব্যাগ উত্পাদন, বিপণন, বাজারজাতকরণে যতটুকু কঠোর হওয়ার প্রয়োজন, ততটুকু কঠোর হতে হবে জাতীয় স্বার্থে। জলবায়ু পরিবর্তনের ফলে মারাত্মক পরিবেশদূষণে সিনথেটিক ফাইবারের ব্যবহার উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। আন্তর্জাতিক ফোরামে বিষয়টি জোরালোভাবে তুলে ধরলে বিশ্ববাজারে পাটের চাহিদা বাড়বে।
আব্বাস উদ্দিন আহমদ
