এ প্রজন্মের জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা ইভান সাইর। রিয়েলিটি শো দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এখন সমানতালে কাজ করছেন উপস্থাপনা ও অভিনয়ে। তরুণ এই অভিনেতা নিজের অভিনয় পরিকল্পনা ও ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন এ এম রুবেল
বর্তমান কাজের আপডেট জানতে চাচ্ছি—
বর্তমান ব্যস্ততা বলতে, ‘অনন্যা প্রতিভা’ রিয়েলিটি শোয়ের উপস্থাপনা করছি। এর বাইরে এনটিভির একটি সেলিব্রেটি শো উপস্থাপনা করছি। এছাড়া বেশ কয়েকটি নাটকের কাজ হাতে রয়েছে এবং আসছে ঈদের জন্য বেশকিছু কাজের কথা চলছে।
আপনি উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করেছেন। কিন্তু হটাত্ অভিনয়ে মনোযোগী হচ্ছেন। এর কারণ কী?
আমি রেডিও থেকে ক্যারিয়ার শুরু করেছি। এরপর টিভি উপস্থাপনা। কিন্তু আমার টার্গেট ছিল আমি অভিনয় করবো। কিন্তু যেহেতু রিয়েলিটি শোয়ের মাধ্যমে মিডিয়াতে এসেছি সেহেতু সেই টিভির সঙ্গে চুক্তি ছিল বলে চাইলেও অভিনয় করতে পারিনি। তবে যখন থেকে চুক্তি শেষ হয়েছে তখন থেকেই অভিনয় করছি। কাজ করার সুযোগ তৈরি হয়েছে, কাজ করছি।
উপস্থানায় ক্যারিয়ার গড়ার নিশ্চয়তা কতটুকু আছে বলে মনে করেন?
হ্যাঁ, অবশ্যই উপস্থাপনায় ক্যারিয়ার গড়ার সুযোগ আছে। কারণ এখন এত বেশি টিভি, রেডিও, এত এত প্রোগ্রাম হয় যে কাজের ক্ষেত্রটাও অনেক বেশি বিস্তৃত হয়েছে। কিন্তু আমার মনে হয় এই মাধ্যমটি ছেলেদের জন্য একটু কঠিন। কারণ নিজের দক্ষতার পাশাপাশি অমানসিক ধৈর্য্য লাগে টিকে থাকতে গেলে। তবে একবার এটা করতে পারলে নিশ্চয় ভালো অবস্থানে যাওয়া সম্ভব।
আপনি বেশকিছু চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন। কিন্তু কাজ করছেন নাটকে। তাহলে চলচ্চিত্রে অভিনয়ে নিজেকে যোগ্য মনে করেন না?
দেখুন, বড়পর্দায় কাজের ইচ্ছে অনেক আগে থেকেই আমার আছে। সে জন্য নিজেকে তৈরিও করছি। অভিনয়টাই যেহেতু করতে চাই সেহেতু সেটা অনেক ভালো করেই করতে চাই। এরইমধ্যে আমি ২৩টি ছবিতে হিরোর ডাবিং করেছি। কিন্তু আমি ছবিতে কাজ করবো ভাবলে তো আর কাজ পাওয়া যাবে না। প্রযোজক-পরিচালকদেরও চাইতে হবে। তারা যদি মনে করেন আমি কাজ করার মতো যোগ্যতা রাখি তাহলে একদিন নিশ্চয় কাজ করবো। আর ছবিতে অভিনয়ের যোগ্য কি-না সেটা বলতে পারবো না, তবে কাজ করতে পারার আত্মবিশ্বাস আমার রয়েছে।
যেভাবে অভিনয় যাত্রা শুরু করেছিলেন সেভাবে আর দেখা না যাওয়ার কারণ কী?
আসলে শুরুতে সমানতালে কাজ করেছি, কিন্তু বর্তমানে ভিউয়ের নামে যা নির্মিত হচ্ছে তা করে আসলে নিজে শান্তি পাই না। অকারণে কমেডি বা অশ্লীল জাতীয় কোনো কাজ করার ইচ্ছে নেই। আমি সুন্দর সংলাপের, সুন্দর গল্পের কাজ করতে চাই। জোয়ারে গা ভাসাতে চাই না। তাছাড়া রিয়েলিটি শোগুলো করার কারণে সেভাবে সময়ও মেলাতে পারিনি।
আপনি কিছুদিন আগে বলেছিলেন নতুন ও যোগ্যরা কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কেমন ছিল?
এই বিষয়টি তো ওপেন সিক্রেট সেটা আমরা সবাই চানি। প্রযোজক বা পরিচালকের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে, কথিত ভিউ থাকলে বা সিনিয়র শিল্পীরা কাছ থেকে চিনলে সুযোগ পাওয়া অনেক সহজ হয়। নতুনদের এই বিষয়টি বেশি মোকাবেলা করতে হয়। তবে ওটিটি প্লাটফর্ম আসায় এই মাত্রাটা একটু কমেছে। কিন্তু এখানেও নানা নেতিবাচক অভিজ্ঞতা হচ্ছে অনেকের, এমনকি চরিত্র সংকটের একটা প্রবণতাও দেখা যাচ্ছে। আমার বেলাতেও এমন অনেক প্রতিকূলতা এসেছে।
