চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’ এর শুটিং নিয়ে নানান সময়ে একাধিক আপডেট দর্শকেরা পেয়েছে। সিনেমাটির শুটিং এর খবরেই কৌতুহল তৈরি করতে পেরেছে অনেকের। তবে ছবির পরিচালক দীপঙ্কর দীপন স্পষ্ট করে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় বাঘের দেখা মিলবে কি না তা জানাননি। সিনেমাটির শুটিং করতে গিয়ে বেশ কয়েকবারই যে বাঘের মুখোমুখি হতে হয়েছে টিমকে তা ধারণা করা যায়।
তার প্রমাণ মিললো এ সিনেমার ফেসবুক পেজের এক ভিডিওতে। সেখানে দেখা যাচ্ছে যেখানে সিনেমাটির শুটিং হয়েছে সেখানে ‘বাঘমশাই’ আপনমনে খাল পার হয়ে রাজার মতো হেঁটে যাচ্ছেন। সন্দিহান চোখে বারবার মানুষের দিকেও দৃষ্টি দিয়েছে কাঁদামাটিতে মাখামাখি রয়েল বেঙ্গল টাইগারটি।
তবে বাঘ চলাচলের ওই সময়টাতে ওখানে শুটিং হয়নি। ভিডিওটি শুটিংয়ের পরের। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার পেজে বাঘের ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, ‘যারা সুন্দরবনের বাঘ দেখতে চান, তাদের জন্য। অপারেশন সুন্দরবনের শুটিং যেখানে হয়েছিল এটা সেই অঞ্চলের ভিডিও। মুন্সিগঞ্জের কলবাড়ির। ভিডিওটি সংগৃহীত। শুটিংয়ের পরে কোনো সময়ের।’
উল্লেখ্য, আজ ২৩ ফেব্রুয়ারি রাতে প্রকাশ করা হবে সিনেমাটির টিজার। তবে টিজার প্রকাশের আগেই বাঘমামা নতুন চমক দেখিয়ে ছবিটির প্রমোশন করে দিলেন বলা চলে! সেইসঙ্গে একটি ওয়েবসাইটও প্রকাশ হবে বলে জানিয়েছে ছবির প্রযোজনা সংস্থা। এ সিনেমায় রয়েছেন রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, তাসকিন, রোশান, কলকাতার অভিনেত্রী দর্শনা, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামানিকসহ অনেকে।
