চারঘাট পৌরসভা নির্বাচন

প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৫

আগামী ২৮ ফেব্রুয়ারি চারঘাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পৌর এলাকা। মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পৌরসভার ৯টি ওয়ার্ড। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের পক্ষ থেকে পাড়া, মহল্লা ও রাস্তায় মাইকিংয়ে জমজমাট হয়ে উঠেছে পৌর এলাকা। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও হাটবাজার সর্বত্র যাচ্ছেন আর ভোট চাইছেন। দিচ্ছেন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী একরামুল হক ও ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী জাকিরুল ইসলাম বিকুল। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৩১ জন কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত তিনটি পদে ১২ জন নারী কাউন্সিলর প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, চারঘাট পৌরসভায় সাধারণ ওয়ার্ড ৯টি। মহিলাদের জন্য সংরক্ষিত ওয়ার্ড তিনটি। মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ১২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ১৮ জন এবং মহিলা ভোটার ১৫ হাজার ১১১ জন।

দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনি কর্মিসভা

দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জানান, দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচন করছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মিসেস ফারিন হোসেন। তাকে নির্বাচিত করার লক্ষ্যে সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে পৌরসভা নির্বাচনি কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ইস্তিয়াক হোসেন দিদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আতিকুর রহমান ছানা, কেন্দ্রীয় মহিলা লীগের নেত্রী নাজমা আক্তার, জেলা মহিলা লীগের সভাপতি আঞ্জুমান আরা বেগম হেনা প্রমুখ।